পলিকে খুঁজতে খুঁজতে অনেকটা পথ চলে এসেছি। সেই যে সকালে দুধরুটি খেয়ে বেরিয়েছে আর ফেরার নাম নেই। দুপুর পেরিয়ে বিকেল গড়িয়েছে। মাইলখানেক হেঁটে আশুতোষ ডাক্তারের বাড়ি পার হয়ে পদ্মকুটিরের পেছনটায় ধানখেতের আইল বেয়ে হাঁটছি। পেছনে হিন্দু পোড়াবাড়ি, তালপুকুর, দিগন্তজোড়া সবুজ মাঠ—আমাকে আরও সংসারত্যাগী ভাবনায় মাতাল করে তুলছে। অতি সৌন্দর্য়টুকুও বেসামাল ঠেকছে। আর নিতে পারছি না। রাশি রাশি সবুজ, পাখির কলকাকলি, শ্যালো মেশিনে ধানখেতে দেওয়া জল, দূরে গামছাশাড়ি পরা কিষানী, হাতে জগভর্তি পানি আর পোনামাছের ছালুন দিয়ে একথালা কড়কড়া ভাত! আহা! মিষ্টি রোদটুকু ঘোষণা দিচ্ছে জীবন এক আশ্চর্য মাদক।
2024-07-11
